সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হন আরও ৪০ জন। বুধবার সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের দ্বারা সংঘটিত দুটি গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সোমালিয়ার মাহাস শহরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূলত আল-কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের হামলার সর্বশেষ ঘটনা এটি। সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো গত বছর বিদ্রোহীদের দীর্ঘদিনের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলার ঘটনা ঘটে আসছে।
সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম বলেন, মৃতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, নারী ও শিশু। হামলায় ৯ সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যান্য পরিবারও তাদের অর্ধেক সদস্য হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়িবোমা অনেক বেসামরিক বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেয়।
আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, তারা 'ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের' লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা হামলায় মৃতের সংখ্যা ৮৭ বলে দাবি করে।
উল্লেখ্য, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। সোমালিয়ায় ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এরা।