শার্লি এবদোতে এবার খামেনির কার্টুন, ইরানের ক্ষোভ প্রকাশ

এবার ইরানের সর্বোচ্চ নেতা তথা শিয়া ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনির ব্যঙ্গচিত্র ছেপে ইরানের ক্ষোভের মুখে পড়ল ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি এবদো। বুধবার তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই তার ইসলামি, ধর্মীয় ও জাতীয় অনুভূতি-মূল্যবোধের অবমাননা মানবে না।

আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ার করে বলেন, এই আক্রমণাত্মক ও অশোভন আচরণের কড়া জবাব দেবে তেহরান।

টুইটারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেন, ‘আমরা ফরাসি সরকারকে খুব বেশি দূর এগোতে দেব না। তারা নিশ্চিতভাবে ভুল পথ বেছে নিয়েছে।’

গত ডিসেম্বরে একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছিল শার্লি। সম্প্রতি সেগুলি প্রকাশ করা হয়। সেখানে মুসলিম দুনিয়ার অন্য নেতাদের পাশাপাশি অন্যতম প্রভাবশালী খোমেইনির ব্যঙ্গচিত্রও ছিল। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির-আব্দুল্লাহিয়ানের অভিযোগ, ওই ব্যঙ্গচিত্র ‘অবমাননাকর’।

ফরাসি সাপ্তাহিকটি খামেনিকে নিয়ে কয়েক ডজন কার্টুন ছেপেছে। শার্লি এবদোর ভাষ্য, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থনের অংশ হিসেবে তারা গত মাসে একটি কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার অংশ হিসেবে তারা এসব কার্টুন ছেপেছে।

ইরানে নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গত সেপ্টেম্বর মাসে এক তরুণীর মৃত্যু হয়। এই ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শার্লি এবদো বলছে, স্বাধীনতার জন্য লড়াইরত ইরানিদের আন্দোলন-সংগ্রামের প্রতি সমর্থন জানাতেই তারা এই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল।

শার্লি এবদো প্রথম সাড়া ফেলেছিল ২০০৬ সালে। ডেনমার্কের এক সংবাদপত্রে প্রকাশিত একটি ধর্মীয় ব্যঙ্গচিত্র নিয়ে তোলপাড় চলছিল তখন। শার্লি এবদো সেই ছবিটাই ফের ছাপে। তবে তখন তাদের দফতরে হামলা হয়নি। আক্রমণের মুখে তারা পড়েছিল আরও পাঁচ বছর পরে। ২০০৯ সালে। ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর লাগাতার হুমকির মাঝেও গুটিয়ে যায়নি তারা। ২০১১-তে আবার এক বার ব্যঙ্গাত্মক প্রচ্ছদ কাহিনি ছাপা হয়। জবাবে কট্টরপন্থী কয়েক জন মুসলমান যুবক বোমা মেরে আগুন লাগিয়েছিলেন শার্লি-র দফতরে।

এরপর পত্রিকাটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুনও ছেপেছিল। এ নিয়ে তীব্র সমালোচনা হয়। দেশে দেশে হয় বিক্ষোভ। যার জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর প্যারিসের কার্যালয়ে জঙ্গি হামলা হয়। জঙ্গিরা হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। প্রাণঘাতী ওই হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রকাশনায় এবার খামেনির কার্টুন ছাপানো হয়।