মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনায় পর্যটকরা

স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের চাপ বেড়েছে। আগেও সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় ভিড় বাড়লে পর্যটকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে। কখনো এমন অবস্থা হয় যে সেবাও বন্ধ হয়ে যায়। শুধু তা-ই নয়, ব্রডব্যান্ড পরিষেবাতেও ধীরগতি চলে আসে ওই সময়ে। এতে ভোগান্তিতে পড়েন ভ্রমণে আসা দেশ-বিদেশের পর্যটকরা।

একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তসহ বঙ্গোপসাগরের বিভিন্ন রূপ দেখা যায় পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায়। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে প্রতিদিনই নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে সাগরকন্যা কুয়াকাটায় ভিড় করছে দেশ-বিদেশের হাজারো পর্যটক। তবে পর্যটকদের ভিড় বাড়লেই মোবাইল ফোন থেকে উধাও হয়ে যায় নেটওয়ার্ক। আর ফোন থেকে নেটওয়ার্ক উধাও হয়ে যাওয়ার কারণে বহির্জগতের সঙ্গে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রাহকরা। ফলে ভোগান্তিতে পড়ছে পর্যটকরা।

ঢাকা থেকে আগত পর্যটক আসলাম হোসেন বলেন, সড়ক ব্যবস্থা সহজ হওয়ায় কুয়াকাটায় আসতে সময় কম লাগে। কিন্তু এখানে ফোনের নেটওয়ার্ক একদম স্লো।

রাজশাহী থেকে আগত পর্যটক শিমুল সিকদার বলেন, এই মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা। কিন্তু এখানে মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে পরিবারের সঙ্গে কথা বলব, তাও পারছি না। পর্যটন এলাকায় এ রকম ভোগান্তি পোহাতে হয় আগে জানতাম না। কুয়াকাটায় উন্নতমানের নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপনের দাবি আগত পর্যটকদের।

কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরিফ বলেন, নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে আসছেন ভ্রমণপিপাসুরা। প্রকৃতির কিছু সুন্দর স্মৃতি ও সময় পরিবার স্বজনদের সঙ্গে শেয়ার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকল্প নেই। কুয়াকাটায় পর্যটকদের ভিড় বাড়লে মোবাইল নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে আগত পর্যটকরা। তিনি উচ্চগতি সম্পন্ন মোবাইল নেটওয়ার্ক সেবা স্থাপনের দাবি জানান।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা প্রতিদিনই অভিযোগ করে মোবাইলে নেটওয়ার্ক নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, নেটওয়ার্ক সমস্যা নিয়ে সরকারি-বেসরকারি সকল টেলিকম কোম্পানির সঙ্গে সভা করা হবে। সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।