সৌদি-ইরান সম্পর্কের বরফ গলছে

সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসাইনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, ব্রাজিলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হোসাইনি।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা আবারও শুরু হওয়া দরকার। সৌদি আরবও আলোচনার মাধ্যমে দুই পক্ষের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটাতে চায়।

তিন আরও জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের সম্পর্কের ধরণ গোটা অঞ্চলের ওপর প্রভাব রাখে। যেসব বিষয়ে উদ্বেগ রয়েছে সেগুলোর প্রত্যেকটি একে একে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিৎ বলে মনে করেন সৌদি মন্ত্রী।

এর আগে ২০১৬ সালে তেহরানস্থ সৌদি দূতাবাস ও মাশহাদে অবস্থিত সৌদি কনস্যুলেটে কিছু ব্যক্তির হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। তবে দুই দেশই আবারও সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কাজ করছে। ইরাকের মধ্যস্থতায় এ পর্যন্ত পাঁচ দফা আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।