প্যারোলে সন্তানের জানাজায় যুবদল নেতা

খুলনায় তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারী তার ছেলের জানাজায় শরিক হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে নগরীর হাজী আব্দুল মালেক মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, দুপুর ১টায় খুলনা জেলা কারাগার থেকে হাতকড়া পরা অবস্থায় ইয়াকুব আলী পাটোয়ারীকে পুলিশ ভ্যানে করে হাজী মালেক মসজিদে নেওয়া হয়। সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের অনুরোধে পুলিশ ইয়াকুবের হাতকড়া খুলে দেয়। এ সময় তাকে দেখার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় করলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জুম্মার নামাজ আদায়ের পর জানাজায় শরীক ও পরবর্তীতে সন্তানের দাফনে অংশ নেন তিনি। পুনরায় তাকে হাতকড়া পরিয়ে জেলহাজতে নেওয়া হয়।

বিএনপির দলীয় সূত্র জানায়, ইয়াকুব আলী পাটোয়ারী খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নগরীর টিঅ্যান্ডটি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৮ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৬ ডিসেম্বর নগরীর একটি ক্লিনিকে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। এরপর থেকে শিশুটি অসুস্থ ছিল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, জানাজার সময় পুলিশ তাদের অনুরোধে ইয়াকুব আলীর হাতকড়া খুলে দেয়। জানাযা ও দাফন শেষে আবারো হাতকড়া পরিয়ে পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, ঢাকার বিভাগীয় সমাবেশের আগে বিএনপির নেতাকর্মীদের নামে পুলিশ মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে। সেই মামলায় ইয়াকুবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ইয়াকুবের স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। পরে নগরীর একটি হাসপাতালে তার সন্তান জন্মলাভ করে। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ ছিল। বাবা জেলে থাকায় শিশুটি সুচিকিৎসা পায়নি। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার শিশুটি।