শান্ত ঘোষ। থাকেন মিরপুর-১৩ এর বাইশটেকে। অ্যালোভেরা আর শিমুলের মূল দিয়ে শরবত তৈরি করে বিক্রি করেন। হবিগঞ্জ থেকে ২০ বছর আগে ঢাকায় এসেছেন। দুই ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার। বড় মেয়ে কেজি শ্রেণিতে।
শরবতের ব্যবসা কত দিন ধরে করছেন?
১৮ বছর ধরে শরবত বিক্রি করছি।
আজকের দিনটি কেমন কাটল?
ছোট খাটো ব্যবসা করি। যেমন ব্যবসা তেমন চলতে হয়।
শরবত বিক্রি করে সংসার চলে?
এই চলে যায় আর কি! মোটামুটি এক ধরনের খাইয়া-দাইয়া সমান সমান। লসও না, লাভও না।
মাসে কত টাকা থাকে?
কিছু থাকে। গরমের সময় হাজার তিনেক থাকে। শীতে তো থাকে না। এহন তো পোলাপান বড় হইতাছে, চিন্তা বাড়তাছে।
আপনাকে সুযোগ দেওয়া হলে কোন স্বপ্নটি পূরণ করবেন?
স্বপ্ন তো মানুষেরই থাকে। স্বপ্ন তো একটাই; পোলাপানকে মানুষ করতে হবে। এতো বড় স্বপ্ন নাই যেটা বাস্তবায়ন করতে পারবো না।
কত টাকা হলে আপনি ভালোভাবে চলতে পারবেন?
বর্তমানে ঘর ভাড়া-টর ভাড়া মিলায়া ২০-২৫ হাজার হলে তাহলে চলা যায়।
আপনি যদি মন্ত্রী হতেন তাহলে প্রথমে কোন কাজটি করতেন?
দেশের মঙ্গলের জন্য যা করা যায় সেটা করতাম।
কী সেটা?
আমার মনে হয়, শিক্ষার দিক থেকে মানুষকে আগায়া দেওয়া। শিক্ষার দিক যদি আগায়া দেওয়া যায়, মানুষ সর্বদিকে আগাবে।
আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন?
আমি এসএসএসি পাশ করেছি।
এসএসসি পাশ করে শরবতের ব্যবসায় কেন নামলেন?
এ ছাড়া তো আর কিছু করার ছিল না।
আপনি আর পড়াশোনা করেননি কেন?
অর্থনৈতিক সমস্যার কারণে আর পড়া আগায়নি। সে কারণেই সুযোগ পেলে মানুষকে লেখাপড়ায় আগায়া দিতাম।