ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনে সারা দেশ থেকে চার শতাধিক নবীন-প্রবীণ লেখক অংশ নেন। লেখকদের অধিকার আদায়, তরুণ লেখকদের দিকনির্দেশনা, ফোরামের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরাসহ নানা বিষয়ে আলোচনা হয়। অতিথিরা বলেন, ‘লেখক সংগঠনের কাজ লেখকদের পরস্পরের মেলবন্ধন তৈরি করা। যারা লিখছেন তাদের এক সুতোয় গেঁথে রাখা। লেখক ফোরামের আজকের সম্মিলন থেকে এটা প্রমাণ হয় যে, ফোরাম কাজটি খুব সুন্দরভাবে করতে পারছে।’ 

ফোরামের সভাপতি মুনীরুল ইসলামের সভাপতিত্বে সম্মিলনে আলোচনা করেন মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি আবুল হাসান শামসাবাদী, অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মাওলানা জুবাইর আহমদ আশরাফ, ডা. মাসুদ হাশমী, ড. ইমতিয়াজ বিন মাহতাব, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মুফতি মহিউদ্দিন কাসেম, রশিদ আহমদ ফেরদৌস, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, মুহাম্মদ ফয়জুল্লাহ, আমীর ইবনে আহমদ, সালাহউদ্দিন জাহাঙ্গীর, এনামুল হক মাসউদ, দৌলত আলী খান, আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা ইমদাদ আশরাফ ও তাজুল ইসলাম জালালী প্রমুখ।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ‘আমাদের লেখালেখি হবে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণে। পূর্বসূরিদের উপেক্ষা করে বা পাশ কাটিয়ে আর যাই হোন, ইসলামি লেখক দাবি করা যায় না। তাই আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে হবে।’ ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘আমরা ইসলামি লেখক, এটা আমাদের পরিচয়। গর্বের সঙ্গে আমরা এই পরিচয় দিই। ইসলামি লেখক পরিচয় দিতে আমাদের হীনম্মন্যতা নেই।’

অনুষ্ঠান উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক আমিন ইকবাল। সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি রোকন রাইয়ান ও সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আশরাফ। অনুষ্ঠানে ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে অনুষ্ঠিত ‘সাহিত্য প্রতিযোগিতা-২০২২’-এর তিন বিভাগে (ছড়া, গল্প ও প্রবন্ধ) বিজয়ী ২৪ জনের হাতে মূল্যবান বই ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতিমধ্যে সারা দেশের প্রায় ৪০০ লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামি লেখক ফোরাম ইতিমধ্যে তরুণ ধারার লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।