নড়াইলে ১৪ দিনব্যাপী এসএম সুলতান মেলা শুরু হচ্ছে আজ শনিবার। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী স্মরণে নড়াইল ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে আজ বেলা ৩টায় মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সুলতান মঞ্চে দেশ-বিদেশের শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, কাবাডি, কুস্তি, ভলিবল, আর্চারি, ষাঁড়ের লড়াই, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া শিল্পীর জীবন দর্শন ও কর্মময় জীবনের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মেলা জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।