অদম্য ডরি অপ্রতিরোধ্য কিংস

চলতি মৌসুমে টানা ১১তম জয়ের সঙ্গে সখ্য গড়েছে অদম্য বসুন্ধরা কিংস। গতকাল তারা প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে। মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও ঠিকই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ করেন জোড়া গোল। শেষ দিকে মতিন মিয়া বেঞ্চ থেকে এসে যোগ দেন স্কোরশিটে। এই মৌসুমে এখন পর্যন্ত হার কিংবা ড্রয়ের তেতো স্বাদ পেতে হয়নি কিংসকে। শুরুটা হয়েছিল স্বাধীনতা কাপের শিরোপা দিয়ে। সেই আসরে ছয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর লিগেও দারুণ রূপে আবির্ভূত তারা। লিগের দুই ম্যাচ জেতার পর ২৭ ডিসেম্বর  ফেডারেশন কাপের শুভসূচনা করে ফর্টিজ এফসিকে হারিয়ে। এরপর গত বছরের শেষ দিনে লিগের ম্যাচে রহমতগঞ্জকে হারানোর পর কাল গোপালগঞ্জ গিয়ে হারিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধাকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের হিমশীতল দিনটা নিজেদের করে রাখার একটা ইঙ্গিত ম্যাচের শুরুতে দিয়েছিল মুক্তিযোদ্ধা। আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করা বুরুন্ডির সেলেমানি ল্যান্ড্রির ঝলকে দশম মিনিটে লিড নিয়েছিল এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা মুক্তিযোদ্ধা। বক্সের ডান দিক থেকে জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানির ক্রস বক্সের ভেতরে খুঁজে নেয় সেলেমানিকে। দীর্ঘদেহী এই ফরোয়ার্ডের উড়ন্ত বলে বাঁ পায়ের ভলি রোখার সাধ্যি ছিল না কিংস কিপার আনিসুর রহমান জিকোর। ৩৫ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে সমতায় ফিরে আসে বসুন্ধরা কিংস। বাঁ দিক থেকে রিমন হোসেনের ক্রস রাকিব হোসেনের মাথা ঘুরে আসে ছোট বক্সের জটলায়। সেখান থেকে ডরিয়েলটন গোমেজের হেড জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে জিম্বাবুয়ের মিডফিল্ডার জিমি ড্যানিস গোললাইন থেকে রবসন রবিনহোর প্রচেষ্টা রুখে দিলেও পরের মুহূর্তে ডরিয়েলটনের আরেকটি লক্ষ্যভেদী হেড কিংসকে এগিয়ে দেয়। উজবেক মিডফিল্ডার আসরর গফুরভের বাঁকানো ক্রসে অনেকটা লাফিয়ে জোরালো হেডে মুক্তিযোদ্ধা কিপার শ্রাবণকে পরাস্ত করেন ডরিয়েলটন। বিরতি থেকে ফিরেও আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছে কিংস। তবে তৃতীয় গোলটির জন্য তাদের অপেক্ষায় থাকতে হয়েছে ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত। ৭৪ মিনিটে মোরসালিনের জায়গায় মাঠে আসা বদলি মতিন মিয়া রবিনহোর ডিফেন্সচেরা থ্রু ধরে মুক্তিযোদ্ধা কিপারকে কাটিয়ে নিখুঁত ফিনিশ করেন। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রাজত্ব অক্ষুন্ন রেখেছে কিংস।

কাল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলটির হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন সানডে উদোহ। মৌসুম শুরুর স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া মোহামেডান লিগের প্রথম ম্যাচে জয়ের পর থেকেই পথ হারিয়েছে। টানা দুই ম্যাচ ড্রয়ের পর কালকের হারে সাদা-কালোদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লেগেছে বড়সড় আঘাত। অন্যদিকে স্বাধীনতা কাপ রানার্সআপ শেখ রাসেল পুলিশের কাছে হেরে লিগ শুরু করার পর টানা দ্বিতীয় জয় পেল। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চারে। মুন্সীগঞ্জে দিনের অন্য ম্যাচে শেখ জামালকে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। ১-১ গোলে শেষ হওয়া ম্যাচে শুরুতে চট্টগ্রামের দলটিকে এগিয়ে নেন নাইজেরিয়ান ডেভিড ওজুকু। ৭৬ মিনিটে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস পেনাল্টি থেকে গোল করে জামালের ১ পয়েন্ট নিশ্চিত করেন। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জামাল।