শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, আজ শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুলপরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন ধরনের খবর পেয়ে ভূলোট সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিরোধ করলে তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কাগজের পোটলার মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

পলাতক আসামিরা হলেন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের নবীসদ্দীর ছেলে শাহ আলম। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শার্শা থানায়।