মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে। রাষ্ট্রের সম্পদ ও মেধার অপচয় হচ্ছে। ইতিমধ্যে আমাদের পাঠ্যসূচি পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী করা হচ্ছে। যেন বেকার সৃষ্টি না হয়।
শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মন্ত্রী।
তিনি বলেন, ধরুন জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ দেয়। সেখানে ২ হাজার আবেদন মধ্যে ১ হাজার থাকে এমএ পাস। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করল অথচ এটা বাস্তবে কোনো কাজে লাগেনি। আমাদের দুর্ভাগ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশন যেটা তিনি গঠন করেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চশিক্ষা গ্রহণ করবে। অন্যরা টেকনিক্যাল শিক্ষা নেবে, ভোকেশনাল শিক্ষা নেবে অর্থাৎ যে শিক্ষা সে কাজে লাগাবে, ব্যাবহারিক শিক্ষা। যেটা তার জীবনে কাজে লাগাতে পারবে।
তিনি আরও বলেন, গাজীপুরে ছোটবড় ৫ হাজারের অধিক শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করে প্রায় ২২ লাখ শ্রমিক। কিন্তু আমাদের দেশ থেকে প্রতিবছর বিদেশে শ্রমিক পাঠায়। আমাদের দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে ৩০-৪০ হাজার টাকা বেতন পায় অথচ তাদের শ্রমিকরা লাখ লাখ টাকা বেতন পায় কারণ তাদের শ্রমিকরা দক্ষ। আমাদের দেশ থেকে চীনে যায় ডাক্তার-ইঞ্জিনিয়ারিং পড়তে। তারা সেখানে গিয়ে তাদের মাতৃভাষায় পড়াশোনা করে। কারণ সেখানে অন্য ভাষায় শিক্ষাই দেয় না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আপনি আমেরিকা যান সেখানে শিক্ষিত মানুষের মধ্যে ৫ শতাংশ উচ্চশিক্ষিত পাবেন না। কারণ শিক্ষার দরকার নাই। যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেবেন, শিক্ষক হবেন তার উচ্চশিক্ষার দরকার আছে। এ জন্যই আমাদের সরকার ভোকেশনাল, টেকনিক্যাল ও কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দিয়েছে। তিনি বলেন, আমাদের দেশকে স্বাবলম্বী করতে হলে আগে শিল্পকারখানার চাহিদা জানতে হবে, নির্ণয় করতে হবে তারপর সেই শিক্ষা দিতে হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিগণ।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে চাকরি মেলার উদ্বোধন করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।