হঠাৎ করেই তীব্র শীতের অনুভূতি হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। গত কয়েক বছরে দেশে এমন শীত অনুভূত হয়নি। কয়েক দিনে সারা দেশের শীতের তীব্রতা আবহাওয়া কর্মকর্তাদেরও চিন্তায় ফেলেছে। তাপমাত্রা মাপার থার্মোমিটারে দেখানো তাপমাত্রার সঙ্গে অনুভূত তাপমাত্রার বড় পার্থক্য পেয়েছেন তারা।
ঢাকা শহরে আজ রবিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী তা শৈত্যপ্রবাহ নয়। কোনো অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে ওই অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়ে থাকে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর নিচে নামেনি। কিন্তু শীতের তীব্রতা আবহাওয়ার উপাত্তকে ভুল প্রমাণ করছে। এই ভুলের কথা স্বয়ং আবহাওয়া অধিদপ্তরও স্বীকার করেছে।
তাপমাত্রা মাপার থার্মোমিটারে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও অনুভূত তাপমাত্রা ছিল আরও প্রায় ৪ ডিগ্রি কম, অর্থাৎ ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।