চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

চুয়াডাঙ্গার ওপর দিয়ে চার দিন ধরে বয়ে চলছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ।

রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।মধ্য বেলাতেও দেখা মিলছে না সূর্যের। কিছুক্ষণ সূর্য উঁকি দিলেও নেই কোনো উত্তাপ। চারপাশজুড়ে থাকছে কুয়াশার দাপট। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে কয়েক গুণে।

প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না জনসাধারণ। যারা বের হচ্ছেন তারাও গরম কাপড় পরে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছে। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। টান পড়ছে আয় রোজগারে।

প্রকৃতির এমন বৈরী আচরণে কষ্ট ও দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ভোর থেকে কাজের সন্ধানে অপেক্ষা করেও মিলছে না কাজ। ফিরে যেতে হচ্ছে বাড়িতে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গেল চার দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েক দিন এ রকম পরিস্থিতি বিরাজ করতে পারে।