যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক চল্লিশ বছর।

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন খান উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে বারোটার মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় হানিফ ফ্লাইওভারের নিচে কোন যানবাহন ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও উল্লেখ করেন, ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরনে ছিল প্রিন্টের কাপড় ও সোয়েটার। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।