শিক্ষকের আত্মহনন

শ্যামনগরে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে আবুল বাসার নামে এক প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় কৈখালী ইউপির চেয়ারম্যান শেখ আবদুর রহিমসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শনিবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, প্রধান শিক্ষক আবুল বাসারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্ত্রীর দায়ের করা মামলার ৬ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি বেলা দেড়টার দিকে আত্মহত্যা করেন উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার। পরিবারের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিস পেয়ে আত্মহত্যা করেন তিনি।