জিদানের ভবিষ্যৎ কোন দিকে

দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে আছেন জিনেদিন জিদান। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হবেন তিনি। তবে ২০২২ বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স আস্থা রাখছে দিদিয়ের দেশমের ওপরই। ২০২৬ পর্যন্ত ফরাসিদের কোচ দেশমই। গণমাধ্যমে খবর যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন জিদান। তবে কোচ জিদানের ভবিষ্যৎ কী।

জিদানের অধীনে দুই মেয়াদে রিয়াল মাদ্রিদ তিনবার চ্যাম্পিয়নস লিগ এবং দুবার করে লা লিগা ও কোপা দেল রে শিরোপা জিতেছে। ২০২০-২১ এর পর রিয়ালের দায়িত্ব ছাড়েন। এরপর থেকেই জিদান ফাঁকা সময় কাটাচ্ছেন। গত জুনে জিদান নিজেই বলেছিলেন, ‘আমি ফ্রান্সের কোচ হতে চাই। আশা করি, কোনো এক দিন হব। কখন, সেটা অবশ্য আমার ওপর নির্ভর করছে না।’ দেশম ফ্রান্স দলে কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন ২০১২ সালের ৮ জুলাই। থাকছেন ২০২৬-এর ৩১ জুলাই পর্যন্ত। জিদানের পরবর্তী গন্তব্য হিসেবে আগে থেকেই শোনা যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের নামও। তবে মৌসুমের মধ্যে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাস্সিমিলিয়ানো অ্যালেগ্রির দল। তাই জিদানের তুরিনে আসার পথটাও ধোঁয়াশায় ঘেরা। কাতার বিশ্বকাপের পর ব্রাজিল, পর্তুগালের কোচের পদও ফাঁকা হয়েছে। ফুটবল বিশ্লেষকদের অনেকের ধারণা ব্রাজিলের কোচ হতে পারেন জিদান। তবে বিদেশি কোচ নিয়ে অনেক ব্রাজিলিয়ানের অনীহা এবং ভাষাগত সমস্যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইন্টারনেট।