ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নরসিংদীর বেলাবোতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবা অছিমউদ্দিনের (৮২) মৃত্যু হয়েছে। এ সময় আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হয়।

রবিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে আলফেজ ফেসানিকে আটক করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে। রবিবার রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ হচ্ছিল। এ কারনে বাড়িতে তেমন কেউ ছিল না। রাত সোয়া ১২টায় সে বাবা ও মায়ের সাথে ঘরে পোলাও খেতে বসে। এসময় পোলাও মজা হয়নি এমন কথা বলে আলফেজ ফেসানি প্রথমে তার মাকে লাঠি দিয়ে মারধর করে। পরে তার বাবা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় বেলাবো থানায় মৃতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।