বন্ধ থাকা কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্টিজ সচলে করা বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। গত রবিবার কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নতুন করে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্তে সম্মতি দেওয়া হয়। এমারেল্ড অয়েলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনোরী বাংলাদেশ লিমিটেডের অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের পর তা কার্যকর হবে।
ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ইজিএমে কোম্পানি সেক্রেটারি সাদিয়া আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমারেল্ড অয়েলের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তোষ কুমার দেব, মো. সজিব হোসেন। এছাড়া মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত শেয়ারহোল্ডার পরিচালক মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার উপস্থিত ছিলেন। পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডাররা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।
ইজিএমে অনুষ্ঠিত ভোটে সর্বসম্মতিক্রমে মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিনিয়োগকৃত ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ২ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ২৩০টি ও বিপক্ষে ৩ হাজার ১২৯টি।