গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মারা গেছেন। তার নাম বকুল মিয়া (৩৬)। তিনি নাটোরের সিংড়া থানার কদমা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় গরুচোর ধরা পড়েছেÑ এমন খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন সোহেল নামে এক ব্যবসায়ী। পথে বড়চালা এলাকায় তিনি রাস্তার পাশে এক যুবককে (বকুল) দেখতে পান। তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড় দেন। তাকে আটক করতে গেলে সোহেলকে ছুরিকাঘাত করে দৌড় দেন বকুল। এ সময় লোকজন ধাওয়া দিয়ে বকুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে বকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গতকাল দুপুরে তিনি মারা যান।