টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম আব্দুল জলিল। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিপাড়া গ্রামে। এ ঘটনায় আহত অপর ট্রাকচালক আজাদুলকে আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক মধুপুর যাচ্ছিল। এ সময় বিপরীতদিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল জলিল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসাইন বকেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।