যুক্তরাজ্যের প্রথম মহাকাশ অভিযান ব্যর্থ

প্রথমবারের মতো নিজেদের মাটি থেকে নিজস্বভাবে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অরবিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি ‘অসঙ্গতিতে’ পড়ে। মহাকাশে বেশকিছু সংখ্যক স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। ‘কসমিক গার্ল’ নামে পরিচিত এই ‘৭৪৭’ উড়োজাহাজটি, স্যাটেলাইট বহনকারী রকেটকে সঙ্গে নিয়ে কর্নওয়াল এয়ারপোর্ট নিউকির নতুন লঞ্চস্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। শুরুতে এটি সঠিকভাবে কাজ করছিল। তবে এরপরই পরিচালনাকারীদের কাছে খবর আসে রকেটে অসঙ্গতি দেখা দিয়েছে এবং এটি লক্ষ্যে পৌঁছাতে পারেনি। গত ডিসেম্বরের শেষ দিকে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণের পর ইতালির নির্মিত ভেগা-সি রকেট মিশন ব্যর্থ হওয়ার পর এটি ইউরোপীয় মহাকাশ উচ্চাকাক্সক্ষার ওপর আরও একবার ধাক্কা দিল।