ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে বিসিবির দ্বারস্থ সিলেট

দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে কোনো কিছু বিসিবি অবগত নয়।

তবে দেশ রূপান্তরকে সিলেট স্ট্রাইকার্সের কর্ণধার সরোয়ার চৌধুরী বলেন, ‘আমাদের একজন পরিচালক, তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন। তাকে ফোন করে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। ফোনটি বাংলাদেশের একটি স্থানীয় নাম্বার থেকে করা হয়েছিল। ফোন পেয়ে আমরা দ্রুত বিসিবিকে জানিয়েছি। বিসিবি আমাদের জানিয়েছে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তাও ফিক্সিংয়ের ব্যাপারটি স্বীকার করেছেন, ‘আমরা শুনেছি, একটা দলকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। আকসু বিষয়টি দেখছে।’ তবে ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়টি সম্পর্কে একদমই অবগত নন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন নিজামউদ্দিন, ‘এ ধরনের অফিশিয়াল কোনো তথ্য আমাদের কাছে নেই। আপনাদের জ্ঞাতার্থে বলি, এরকম হাওয়া কথা থাকতেই পারে। আর দ্বিতীয়ত, যদি অফিশিয়ালি অভিযোগ আসেও, তাহলেও আমাদের সেটা প্রকাশ করার সুযোগ নেই; কারণ আমাদের তদন্ত করতে হবে, নজরদারি হবে সবকিছু।’