বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে লিওনেল মেসি ক্লাবের অনুশীলনে ফিরেছিলেন আগেই। তবে বেশ কিছুদিন খেলার বাইরে থাকায় রিকোভারি সেশন করছিলেন। সেই পর্ব শেষে এবার ফরাসি ক্লাব পিএসজির স্কোয়াডে ফিরলেন আর্জেন্টিনা অধিনায়ক।
লিগ ওয়ানডে বুধবার অঁজির মুখোমুখি হবে পিএসজি। নিজেদের মাঠে খেলবে তারা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের জন্য পিএসজির ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে আছেন মেসি।
গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার সঙ্গে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন মেসি।
এরপর থেকে ছুটিতে ছিলেন। সেই ছুটি কাটিয়ে গত বুধবার ক্লাবের অনুশীলনে যোগ দেন মেসি। গত শুক্রবার তৃতীয় বিভাগের দল শাতোহুর বিপক্ষে ফরাসি কাপের ম্যাচ খেলে পিএসজি। সেই ম্যাচে মেসি বিশ্রামে ছিলেন।
এদিকে মেসি ফিরলেও অঁজির বিপক্ষে স্কোয়াডে নেই কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি। তারা দুজনই ছুটি রয়েছেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।