ঝড় এলো আর কলকাতায় মেসি দুলল!

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৪৮ পিএম

হায় রে মেসি! ফুটবল বিশ্বকাপে ট্রফি জেতা যত সহজ, ওপার বাংলার কলকাতার রাস্তায় টিকে থাকা বোধহয় তার চেয়েও কঠিন! লিওনেল মেসির সেই ৭০ ফুটের পেল্লাই মূর্তি অবশেষে লরি চেপে বিদায় নিল ভারতের কলকাতার লেকটাউন থেকে। 

মাঠে যার ড্রিবলিংয়ের চোটে বিপক্ষের ডিফেন্ডারদের হাঁটু কাঁপে, কলকাতার সামান্য কালবৈশাখীর ঝড়ে নাকি তাঁর ৭০ ফুটের মূর্তির 'ফাউন্ডেশন বোল্ট' কেঁপে গেল! স্থানীয় লোকজন পুলিশে খবর দিল— "ভাই, মেসি তো দুলতাছে!" মানে, মাঠে ডিফেন্ডারদের নাচাতে নাচাতে মেসি যেভাবে দোলেন, লেকটাউনের মোড়ে দাঁড়িয়েও তিনি নাকি সেই স্টাইল মারছিলেন। ঠিকাদার এসে দেখেই হাত মাথায় দিয়ে বললেন, "এ তো যেকোনো সময় কাত হয়ে পড়বে!" ব্যস, 'বিপজ্জনক' তকমা দিয়ে ক্রেন নিয়ে হাজির হলো ওখানকার পূর্ত দফতর।

রাজকীয় সিংহাসন থেকে নামিয়ে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরকে শুইয়ে দেওয়া হলো লরির ডালায়! পিডব্লিউডির ইঞ্জিনিয়ার স্ক্রু-ড্রাইভার দিয়ে মেসির 'স্ক্রু ঢিলে' করে (মানে মূর্তির স্ক্রু খুলে) তাঁকে ট্রাকে তুললেন। আর নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া নির্দেশ দিয়েছিলেন— "খবরদার! মেসির যেন একটা চুলও না বাঁকে!" ইঞ্জিনিয়ার সাহেবও বুক ফুলিয়ে বলেছেন— "এক্কেবারে ফার্স্ট ক্লাস ভাবে নামিয়েছি, কোনো আঁচড় লাগতে দিই নাই।"

এই মূর্তি বসানোর পেছনে আসল হাত ছিল পশ্চিমবংগের সাবেক প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর। কিন্তু কপাল খারাপ, মন্ত্রীমশাই এখন দুর্নীতি মামলায় জেলহাজতে। আর মন্ত্রী ভেতরে যেতেই মেসির মূর্তিও বেদখল! হাইকোর্টে মামলা ঝুলছিল যে সরকারি জায়গায় কেন এই মূর্তি বসানো হলো। এখন মূর্তি আপাতত যাচ্ছে পিডব্লিউডির ডেরায়। গুজব রটেছে ওটাকে নাকি ইকো পার্ক বা রবীন্দ্র সরোবরে পাঠানো হতে পারে। সকালে হাঁটতে গিয়ে হঠাৎ গাছের আড়ালে ৭০ ফুটের মেসিকে দেখলে এমনিতেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হবে!

গত বছর ডিসেম্বরে মেসি নিজে কলকাতায় এসে রিমোট টিপে নিজের এই মূর্তি উদ্বোধন করেছিলেন। ভক্তরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন স্টেডিয়ামে মেসিকে দেখবেন বলে। আর মেসি কী করলেন? মাঠের মধ্যে মাত্র ১৬ মিনিট দর্শন দিয়েই 'থ্যাঙ্ক ইউ কলকাতা' বলে হাওয়া!

গ্যালারির পাবলিক তো রেগে আগুন! "এত টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এলাম, আর মেসি আমাদের 'পপকর্ন' বানিয়ে চলে গেল?" ব্যস, স্টেডিয়ামের চেয়ার ভাঙা, বোতল ছোঁড়া— ফুটবল প্রেম এক মিনিটে রণক্ষেত্রে পরিণত হলো। সেই নিয়ে আবার আদালতে মামলাও হয়েছে!

সূ্ত্র: আনন্দবাজার অনলাইন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত