নেত্রকোনার কলমাকান্দায় ১০ম শ্রেণির আলীয়া মাদ্রাসার এক শিক্ষার্থী (১৪) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ভুক্তভোগীর বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার খারনৈ গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে শাহ আলম মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলার অন্য আসামিরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের রমজান আলীর ছেলে লিমন মিয়া ওরফে বাব্বা (২০) ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী গত ২৯ ডিসেম্বর তার খালার বাড়িতে বেড়াতে যান। সেখানে বাড়ি সংলগ্ন ইসলামী সভায় খালাসহ ভুক্তভোগী যান। ওই দিন রাত ১২টার দিকে সভাস্থলে বিদ্যুৎ চলে গেলে খালাসহ ভুক্তভোগী খালার বাড়িতে ফিরে আসেন। খালার বাড়ির পুকুরে হাত মুখ ধোয়ার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা লিমন মিয়া ও রুবেল মিয়া কিশোরীর মুখ চেপে ধরেন।
পুকুরের পূর্ব পাশে পতিত জমিতে নিয়ে কিশোরীকে তারা ধর্ষণ করে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম ধর্ষণ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা শেষে তার জবানবন্দির জন্য এবং গ্রেপ্তারকৃত আসামি শাহআলমকেও আদালতে প্রেরণ করা হয়েছে।