এই দিনে

ব্রিটিশ উপনিবেশ থেকে অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী নায়ক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন সূর্য সেন। তিনি বিপ্লবী দল ‘যুগান্তর’-এর চট্টগ্রাম শাখার প্রধান এবং ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক। জন্ম ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে। পুরো নাম সূর্যকুমার সেন। বাবা রাজমনি সেন এবং মা শশীবালা দেবী। বিএ পড়ার সময় শিক্ষক অধ্যাপক শতীশচন্দ্র চক্রবর্তীর কাছে বৈপ্লবিক আদর্শে দীক্ষিত হন। ‘ন্যাশনাল স্কুল’-এ শিক্ষকতা করার কারণে তিনি ‘মাস্টারদা’ আখ্যা পান। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর আত্মগোপনে থেকে ইংরেজদের বিরুদ্ধে বেশ কয়েকটি খণ্ডযুদ্ধ পরিচালনা করেন। তার নির্দেশেই বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সফল আক্রমণ চালান, তবে গুলিবিদ্ধ হওয়ার পর সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা। ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি কয়েকজন বিপ্লবীসহ ব্রিটিশদের হাতে ধরা পড়েন সূর্য সেন। বিচারে সূর্য সেন ও তার বিপ্লবী সঙ্গী তারকেশ্বর দস্তিদারের ফাঁসির রায় হয়। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে উভয়ের ফাঁসি কার্যকর হয়।