আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা করলে কঠোর হাতে দমন করা হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, বিএনপি একেক সময় একেক দাবি করছে। তারা এক একটি সমাবেশে এক একটি ঘোষণা দিয়েছে। রাজশাহীতে ৩ ডিসেম্বর তারা ঘোষণা দিয়েছিলো সেমিফাইনাল। কিন্তু তাদের কথিত দুর্গে ১০ থেকে ১৫ হাজার লোকও হয়নি। অর্থাৎ তাদের এলাকাতে তাদের লোক সমাগম হয়নি। মানুষ আসেনি। মানুষ আসার কোন কারণ খুঁজে পায়নি। কারণ তাদের দাবিগুলো যেমন অযৌক্তিক, যে পদ্ধতিতে তারা দাবিগুলো আদায়ের চেষ্টা করছে সেটাও অরাজনৈতিক একটি পদ্ধতি।
তিনি বলেন, বিএনপির সৃষ্টিই হয়েছিলো ক্যান্টনমেন্ট থেকে অসাংবিধানিক পথে। এই দলটি হত্যা, খুন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পঙ্গু করেছে। লুটপাট করেছে, দেশের অর্থপাচার করেছে। এমন কোন হীন কাজ ছিলো না যা তারা করেনি।