সুখদহের তীরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

বগুড়ার সারিয়াকান্দির আমতলীর সুখদহ নদীর তীরে তিন দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মেলার দ্বিতীয় দিনে ২৮টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। আজ শনিবার শেষদিন সকালের পর ৪০টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছে। মেলার শুরুর দিন বৃহস্পতিবার কোনো ঘোড়দৌড় হয়নি। এ মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। এ প্রতিযোগিতায় দেশের আলোচিত একমাত্র নারী ঘোড়সওয়ার তাসমিনা ও তার ছোট বোন সাত বছর বয়সী হালিমা অংশগ্রহণ করেছে।

জানা যায়, ২০১৩ সাল থেকে মেলার আয়োজন হয়ে আসছে। গ্রামীণ মেলার সঙ্গে বিকেলে যুক্ত হয়েছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড় উপভোগ করতে এসেছে বিভিন্ন গ্রামের মানুষ। বগুড়া জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ক্লাবসহ সামাজিক সংগঠনগুলো এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পঞ্চগড় থেকে আসা পাওয়ার হর্স ঘোড়ার মালিক রাজ জানান, তিনি ঘোড়া নিয়ে দেশের বিভিন্ন জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। এ পর্যন্ত অসংখ্য পুরস্কার জিতেছেন। এখানেও চ্যাম্পিয়ন হবেন বলে আশা করছেন।