এক ঘরের ৫ জন পুড়ে কয়লা

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গৃহকর্তা খোকন বসাক (৪২)। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মহাজনপাড়া গ্রামের বসাকপাড়ায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর গৃহকর্তা কোনোরকম বের হয়ে আসতে পারলেও ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তার বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), ছেলে সৌরভ বসাক (১২), মেয়ে শায়ন্তী বসাক (৪), স্ত্রী লাকী বসাক (৩২)। গুরুতর অবস্থায় খোকন বসাককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রাত ২টা ১০ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় খোকন বসাকের ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে পুড়ে মৃতদের লাশ উদ্ধার করেন এবং আহতকে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আকতারুজ্জামান সুমন জানান, নিহতদের লাশ পুলিশ এবং স্থানীয় পারুয়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা ও লাশ উদ্ধার করেন।

উদ্ধারকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সিএনজি অটোরিকশাচালক খোকন বসাক বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সেমিপাকা ঘরে বসবাস করতেন। তিন কক্ষবিশিষ্ট ঘরে বের হওয়ার একটাই দরজা। এ দরজা ছিল রান্নাঘরের সঙ্গে যুক্ত। রান্নাঘরের চুলা বেষ্টিত ছিল প্রচুর শুকনো কাঠের লাকড়ি। রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে বাইরের পথও রুদ্ধ হয়ে যায়। গৃহকর্তা খোকন বের হতে সক্ষম হলেও অন্যদের পথ খুঁজে পাওয়াই অসম্ভব হয়ে উঠে। উদ্ধারকর্মীদেরও ঘরে প্রবেশ করে লোকজনকে বের করে আনা সুযোগ ছিল না। আগুনে খোকন বসাকের সিএনজি অটোরিকশাটিও পুড়ে ছাই হয়েছে। হতাহতের মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু: দিনাজপুরের পার্বতীপুরে আগুনে পুড়ে চার বছরের এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইউসুফ ইমরান। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চ-ীপুর ইউনিয়নের ঝাড়ুয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে এলাকার জনাব আলীর বাড়ির তিনটি ঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরিবারের সদস্যরা। ততক্ষণে ঘরের মধ্যে ঘুমন্ত শিশু ইউসুফ ইমরান আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। এ সময় ১ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফ্যান, গ্যাস সিলিন্ডারসহ বাড়ির সব আসবাব ভস্মীভূত হয়।

পরিবারের সদস্যরা জানান, শালা নুর আলমের স্ত্রী সন্তান জন্মের তিন দিন পর মারা যান। এরপর থেকে নুর আলম ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। শিশু ইউছুফ ইমরানকে কোলে-পিঠে মানুষ করছিলেন জনাব আলী।

খবর পেয়ে রাত ১১টার দিকে পার্বতীপুর উপজলো সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ও চ-ীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পার্বতীপুর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ক্ষীতগ্রস্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও খাদ্য বিতরণ করে।

বকশীগঞ্জে বৃদ্ধের মৃত্যু : জামালপুরের বকশীগঞ্জে শীত নিবারণ করতে গিয়ে আগুনে পুড়ে সওদাগর আলী (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকার চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রবণ প্রতিবন্ধী সওদাগর আলী শীত নিবারণের জন্য বাড়িতে কাঠ দিয়ে আগুন ধরান। একপর্যায়ে তার কাপড়ে আগুন ধরে যায়। পরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সময় বাড়ির লোকজন ঘুমিয়েছিলেন।

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, অগ্নিদগ্ধে নিহত সওদাগরের লাশ দাফন করা হয়েছে।