মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের শিংরাউলী ইলেভেন স্টার মাঠে হয়ে গেল পিঠা উৎসব। শনিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী ষোলবারের মতো অনুষ্ঠিত এ পিঠা উৎসবে বসেছিল প্রাণের মেলা। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক আয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিঠা উৎসব ঘিরে জমজমাট পরিবেশ দেখা গেছে।
আয়োজকেরা জানান, বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান পিঠা উৎসবে অংশ নেয়। উৎসবে পিঠার সম্ভারও ছিল বৈচিত্র্যময়। বিভিন্ন উপকরণ দিয়ে বানানো বাহারি নামের পিঠা ছিল এবারের মেলায়। জামাই পিঠা, তালক্ষীর, পাকান, পুলি, কানমুচুরি, হৃদয়হরণ, ঝিনুক পিঠা, ফুলঝুরি, পাখির বাসা, মাংস সিংড়াসহ নামের পিঠা ছিল উৎসবে। প্রতিটি পিঠার দাম ১০ থেকে ১০০ টাকা। প্রতিটি স্টলে ২০ থেকে ৩০ ধরনের পিঠা ছিল। বাড়ি থেকে বানিয়ে আনা পিঠার পাশাপাশি বিভিন্ন স্টলে পিঠা তৈরি করতেও দেখা গেছে।
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি এনাম উল ইসলাম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবের আয়োজক কমিটির সদস্যসচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, এবার আমাদের ১৬তম আয়োজন। উৎসবে মানুষের সাড়া দেখে আমরা অভিভূত। অনেক দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান হরেকরকমের পিঠার সমাহার নিয়ে এখানে স্টল দিয়েছে।