চীনে এক মাসে করোনায় মৃত্যু ৬০ হাজার

করোনার মৃত্যু সংখ্যা নিয়ে অবশেষে তথ্য প্রকাশ করল চীন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, হাসপাতালগুলো গত এক মাসের কিছু বেশি সময়ে কভিড সংক্রমণের কারণে সৃষ্ট শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য রেকর্ড করেছে। এ ছাড়া একই সময়ে কভিডে আক্রান্ত, কিন্তু ক্যানসার বা কার্ডিওভাসকুলারের মতো বিভিন্ন রোগে অসুস্থ আরও ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন। যাদের প্রাণহানি ঘটেছে তাদের ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। গত মাসে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন কভিড-১৯ রোগী, যারা শ্বাসতন্ত্র বিকল হয়ে মারা যাবেন শুধু তাদের সরকারিভাবে করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছিল। এমনকি কভিড সংক্রমণ নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করাও বন্ধ করে দেয় চীন।