তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এরজুরুমে একসঙ্গে ১ হাজার ১ জন হাফেজে কোরআনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের ইয়াকুতিয়া জেলার এরজুরুম সেন্ট্রাল ইনডোর স্পোর্টস হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী কিশোর-কিশোরীদের অভিভাবক ও দেশটির আরও বেশ সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
বিশেষ এ সংবর্ধনার আয়োজন করে এরজুরুম দারুল ইফতা। এতে বিশেষ অতিথি ছিলেন তুর্কি ধর্ম বিষয়ক প্রকাশনা পরিষদের মহাপরিচালক প্রফেসর ড. ফাতিহ কুরাত, কোরআন তেলাওয়াত পরিষদের চেয়ারম্যান হাফেজ ওসমান শাহিন, প্রাদেশিক মুফতি শায়খ রুস্তম খানসহ একাধিক তুর্কি উচ্চপদস্থ কর্মকর্তা।
এ সময় পবিত্র কোরআন হিফজের গুরুত্ব তুলে ধরে প্রফেসর ড. ফাতিহ কুরাত বলেন, আমরা এমন এক জাতির সন্তান, যারা কোরআন ও কোরআনের খেদমত ভালোবাসে।
তিনি বলেন, পবিত্র কোরআনের সঙ্গে আমাদের সংযোগ ও সম্পর্ক সবসময়ই সুদৃঢ় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ২০২২ সালে তুরস্কে অন্তত সাড়ে ১২ হাজার কিশোর-কিশোরী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে। যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।
প্রফেসর ড. ফাতিহ কুরাত আরও বলেন, পবিত্র কোরআন আমাদের জীবনবিধান, যা মহান আল্লাহ প্রেরণ করেছেন। এটিই একমাত্র উপায় যা মানুষকে সত্যের দিকে পথ দেখায়।
তার মতে, দুনিয়ায় মানুষ যেসব নেয়ামত ও পুরস্কার অর্জন করতে পারে, তার মধ্যে পবিত্র কোরআনের হাফেজ হওয়া সবচেয়ে বড় বিষয়।
অনুষ্ঠান শেষে কোরআন হিফজ সম্পন্নকারী ১ হাজার ১ জন কিশোর-কিশোরীকে হিফজ সনদ ও বিশেষ উপঢৌকন দেওয়া হয়।