ছোটপর্দার প্রথম সারির অভিনেত্রীরা এখন চলচ্চিত্র আর ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। সবাই বড় বাজেটের ভিন্ন ভিন্ন গল্পে কাজ নিয়ে বেশি ব্যস্ত। এদিক থেকে পিছিয়ে আছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি বোধ হয় টিভি নাটক নিয়েই তুষ্ট। সম্প্রতি মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশা ‘কঞ্জুস’ শিরোনামের একটি নাটকে কাজ করেছেন। এরইমধ্যে নাটকটি অন্তর্জালে প্রকাশ হয়েছে। এরপর থেকেই কাজটি আলোচনায়। মাত্র ১০ দিনে ইউটিউব ভিউ ছাড়িয়েছে ১১ মিলিয়ন! মহিদুল মহিম পরিচালিত নাটকটি এখন বাংলাদেশের ইউটিউব ট্রেডিংয়ে রয়েছে। এমন সফলতা প্রসঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহান বলেছেন, ‘বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। নাটকের গল্পটা শুধু মজার নয়, জীবনবোধের একটা উপলব্ধিও আছে। দর্শকদের নাড়া দিচ্ছে, এমন কাজ করতে পারলে বেশি ভালো লাগে। ’ তানজিন তিশা বলেছেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’ নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখে এবং তাদের ভালোলাগা-ভালোবাসার কথা জানান তখনই কাজের সার্থকতা অনুভব করি।’