আত্মহত্যায় প্ররোচনা

লালমনিরহাটে স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই শিশু সন্তানসহ নিহত গৃহবধূর স্বামী রাশেদুজ্জামানকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পাটগ্রাম থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্ততার করে রেলওয়ে থানা পুলিশ।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহত সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাশেদুজ্জামান ও তার মাকে আসামি করে একটি মামলা করেন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি নামক এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় আহত ছেলেও মারা যায়।

নিহতরা হলেন উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (৩২), তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭) ও ছেলে তৌহিদ (২)।

সুমির বাবা আজিজুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে সুমির সঙ্গে তার স্বামী ও শাশুড়ির প্রায়ই ঝগড়া হতো। এ ছাড়া সুমিকে তারা মারপিট করত। শুক্রবার সকালেও ঝগড়া হয়। এ সময় সুমিকে মরতে বলে তারা (স্বামী ও শাশুড়ি)।