বিধ্বংসী সাকিব

৮টি চার ও ৪টি ছক্কা, ৪৫ বলের ইনিংসে করলেন অপরাজিত ৮১। অথচ আগের দুদিন কোনো অনুশীলনই করেননি সাকিব আল হাসান। তবুও মাঠে নেমে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়ে দিলেন। আসরে নিজের দ্বিতীয় ফিফটিতে দলকেও জেতালেন কাল। সাকিব নৈপুণ্যে চট্টগ্রামে টানা দ্বিতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান তুলেছে দলটি। জবাবে কুমিল্লা ৭ উইকেটে ১৬৫ রানে থামে। ১২ রানের জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে বরিশাল।

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার জিততেই পারছে না। তিন ম্যাচে তিনটিতে হেরে তলানিতে। কাল তাদের পেয়ে সাকিব জ্বলে উঠলেন হাজার পাওয়ারে। ষষ্ঠ ওভারে ক্রিজে গিয়ে টিকেছিলেন দশম ওভার পর্যন্ত। কোনো ব্যাটারকে নিয়ে বড় জুটি করতে ব্যর্থ হলেও সাকিব নিজে বড় রান করেছেন। কুমিল্লার তানভীর ইসলাম ৩৩ রানে ৪ উইকেট নেন।

কাল সকালেই বাংলাদেশে পা রেখেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে সরাসরি চলে যান চট্টগ্রাম। গিয়েই মাঠে নেমে ১১ বলে দুই ছক্কায় করেন ১৮। সঙ্গে লিটনের ৩২, ইমরুলের ২৮ ও খুশদিল শাহর অপরাজিত ৪৩ রানেও কুমিল্লা জয়ের দেখা পায়নি।