জামাই মেলায় মানুষের ঢল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে গতকাল রবিবার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা মাছ কিনতে জামাইদের প্রতিযোগিতা। এ মেলাকে মাছের মেলাও বলা হয়ে থাকে।

মেলা কমিটির সভাপতি জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য কিশোর আকন্দ জানান, প্রতিবছর জানুয়ারি মাসের ১৫ তারিখ এ মেলা বসে। দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে মানুষজন। কারণ জামাই মেলার মূল আকর্ষণই হলো জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা। বিনিরাইল ও এর আশপাশের গ্রামে যারা বিয়ে করেছেন, সেসব জামাই এই মেলার মূল ক্রেতা। জামাইরা চান সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়ি নিয়ে যেতে। আবার জামাতাদের আপ্যায়ন করতে শ্বশুরপক্ষও মেলা থেকে বড় বড় মাছ নিয়ে যান বাড়িতে। মাছ ছাড়ও মেলায় হরেক রকম পণ্য বিক্রি হতে দেখা গেছে।

মেলায় ঘুরে দেখা গেছে, সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা মেলায় এসেছেন। নানা বয়সী হাজার হাজার ক্রেতার ঢল নামে মেলায়। ক্রেতা আকৃষ্ট করতে মাছ ওপরের দিকে তুলে ধরছেন বিক্রেতারা।

শুধু এ উপজেলার লোকই নয়, মেলা উপভোগ করতে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকেও ছুটে এসেছে অনেকে।

কিশোর আকন্দ আরও জানান, প্রায় ২৫০ বছর ধরে এ মেলার আয়োজন হয়। প্রথমে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই মেলার আয়োজন করত। সময়ের সঙ্গে সঙ্গে মেলাটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।