ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবি

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে গতকাল রবিবার কুড়িগ্রাম ও ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রকল্পের বেকার কর্মীরা।

কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে দুপুরে অবস্থান কর্মসূচিতে ন্যাশনাল সর্ভিস প্রকল্পে কাজ করা দুই সহস্রাধিক বেকার কর্মী অংশ নেয়। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে এম রমজান আলী বক্তব্য দেন।

এদিকে ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেট চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ রাজাপুর উপজেলা শাখা।

এসময় বক্তারা বলেন, এই প্রকল্পে উপজেলার প্রায় ১১শ শিক্ষিত বেকার কাজ করেছে। মেয়াদ শেষে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে পুনরায় বেকার হয়ে যাওয়া কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পটি চলমান রাখার আবেদন করলে তিনি আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রকল্পের কর্মীরা মানবেতর জীবনযাপন করছে।