নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে এবং খেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে পাকিস্তানকে বিদেশি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। দেশের শোচনীয় অবস্থাকে স্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা পাকিস্তানের জন্য লজ্জার।’
গত রবিবার এক প্রতিবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ অসহায় স্বীকারোক্তি তুলে ধরেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। গত শনিবার পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) প্রবেশনারি অফিসারদের পাসিং-আউট অনুষ্ঠানে বক্তৃতায় শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের এক হাতে পারমাণবিক বোমা এবং অন্য হাতে ভিক্ষার বাটি থাকাটা লজ্জার বিষয়। (বিদেশিদের কাছে) আরও ঋণ চাওয়ার বিষয়টি সত্যিই তাকে বিব্রত করেছে।’ তিনি আরও বলেন, পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিদেশি ঋণ খোঁজা সঠিক কোনো সমাধান নয় কারণ ঋণ ফিরিয়ে দিতে হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব এবং বিদেশি ঋণও এড়ানো সম্ভব যদি ‘বাস দ্রুতগতিতে’ এবং সঠিক পথে চলে।