১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল সোমবার বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুর : দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের ব্যারিকেডের মধ্য দিয়েই নগরীতে প্রবেশ করে আবারও দলীয় অফিসের সামনে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, ‘বিদ্যুৎসহ সব জিনিসের দাম বাড়িয়ে “অবৈধ” সরকার প্রমাণ করেছে তারা জনগণের সরকার নয়। এ সরকার প্রতিনিয়ত নিজেদের লাভের অংশ জিইয়ে রাখতে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।’ কর্মসূচিতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

ঠাকুরগাঁও : দুপুরে শহরের চৌরাস্তায় দলটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

নাটোর : দুপুর ১২টার দিকে শহরের আলাইপুরে অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে অস্থায়ী কার্যালয়ে এসে সমাবেশ করে জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

সাতক্ষীরা : সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আবদুল আলিম। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক শের আলী সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : সকাল সাড়ে ১০টায় উপজেলার তিতাস ভবন থেকে গৌরীপুর-হোমনা সড়কে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। পরে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আদিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ।