১৯৪৫ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক মোনাজাত উদ্দীন। আশির দশকে তিনি মফস্বল সাংবাদিকতায় খ্যাতিলাভ করেন। এ দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে করা প্রতিবেদনগুলোর মধ্য দিয়ে তিনি ‘চারণ সাংবাদিক’ হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৬৬ সালে তিনি দৈনিক আজাদ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক সংবাদে ‘পথ থেকে পথে’ ধারাবাহিক প্রতিবেদনের মধ্য দিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ১৯৭৬ সাল থেকে প্রায় দুই দশক দৈনিক সংবাদে কাজ করেন তিনি। ১৯৯৫ সালে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় যোগ দেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘সংবাদের নেপথ্য’, ‘পথ থেকে পথে’, ‘কানসোনার মুখ’, ‘নিজস্ব রিপোর্ট’, ‘অনুসন্ধানী প্রতিবেদন’, ‘কাগজের মানুষেরা’ ও ‘নরনারী’। তার রচিত একমাত্র নাটক ‘রাজা কাহিনী’। ১৯৮৪ সালে ‘সাংবাদিক জহুর হোসেন চৌধুরী স্মৃতি পদক’, দৈনিক সংবাদে প্রকাশিত ‘মানুষ ও সমাজ’ প্রতিবেদনের জন্য বাংলা ১৩৯৩ সালে ফিলিপস পুরস্কার, ১৯৮৭ সালে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পুরস্কার’ এবং ১৯৯৫ সালে ‘অশোকা ফেলোশিপ’ লাভ করেন। ১৯৯৭ সালে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ লাভ করেন। তিনি সংবাদ সংগ্রহের জন্য ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর যমুনা নদীতে ড্রেজিং পয়েন্টের ছবি তুলতে গিয়ে আকস্মিকভাবে পানিতে পড়ে ডুবে মারা যান।