নিপ্রোতে বেসামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। ১৪ জানুয়ারি নিপ্রোর একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইউক্রেনে দাবি করে রাশিয়া এ হামলা চালিয়েছে। কিন্তু রাশিয়ার দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। যেটির আঘাতে রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনে গিয়ে পড়ে। এতে ৪৫ জন নিহত হন। হামলার পরই জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি বলেছিলেন, ইউক্রেনের সেনাদের কারণেই ওই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র পড়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। ওই ধ্বংসাবশেষ গিয়ে বহুতল ভবনে আঘাত হানে। তার এ মন্তব্যকে ভিত্তি করে রাশিয়ার সামরিক কর্মকর্তারা পরবর্তী সময়ে এ ঘটনার জন্য ইউক্রেনকে পুরোপুরি দায়ী করে প্রচারণা চালায়। তাই অলেক্সির এমন বক্তব্যে ক্ষুব্ধ হন ইউক্রেনের সংসদ সদস্য থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। এমনকি তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেন অনেকে।