ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে শ্রাবণ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা থানার পুলিশ। সে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের আবদুল হামিদের ছেলে। গতকাল বুধবার বিকেলে পাশর্^বর্তী লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রাবণ ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করত। মাঝেমধ্যে বাড়ি আসত। গত রবিবার বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। গতকাল বুধবার বিকেলে লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পাগলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে শ্রাবণের পরিবারের লোকজন লাশ শনাক্ত করে।
স্থানীয় ইউপি সদস্য মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রাবণের লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।