খুশদিল ২৪ বলে ৬৪, কুমিল্লা ১৮৪

ইনিংসের দ্বিতীয় বলেই লিটন দাস ফিরলেন তাসকিন আহমেদের শিকার হয়ে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই ধাক্কা সামাল দিল বেশ ভালোভাবেই। অধিনায়ক ইমরুল কায়েস ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ভালো জুটি হলো। পরে খুশদিল শাহ নেমে ঝড় ‍তুললেন। সুবাদে ঢাকা ডমিনেটর্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছোড়ে দিল দলটি।

বিপিএলে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে দলটি।

পাওয়ার প্লেতে কুমিল্লা তুলেছিল ৪২ রান। দলীয় শতরান পূরণ করে তারা ১৫তম ওভারের শেষ বলে। সেখান থেকে শেষ ৫ ওভারে ৮৪ রান তুলে ১৮৪ রানের পুঁজি গড়ে তারা।

১৮ বলে ফিফটি পূরণ করা খুশদিল শেষ পর্যন্ত ৬৪ রানের ইনিংস উপহার দেন। তার ২৪ বলের ইনিংসে ছিল ৭ চার ও ৫ ছক্কা। চতুর্থ উইকেটে স্বদেশি মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৮৪ রানের জুটি উপহার দেন তিনি। যার মধ্যে ৬৪ রানই তার।

তিনে নামা রিজওয়ান ৪৭ বলে ৫৫ রানে অপরাজিত থেকে যান। ১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে তার ৪৭ রানের জুটি হয়। ইমরুল ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন। এ ছাড়া জনসন চার্লসের ব্যাট থেকে আসে ১৯ বলে ২০ রান।

ঢাকার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, নাসির হোসেন, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।

আরও পড়ুন

হারের বৃত্ত ভাঙতে পারবে ঢাকা?