হারের বৃত্ত ভাঙতে পারবে ঢাকা?

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০১:৪১ পিএম

হ্যাটট্টিক হারের পর বিপিএলের নবম আসরে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার হ্যাটট্টিক জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর দেড়ায় শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নেমেছে কুমিল্লা।

নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পরের তিন ম্যাচ হেরেছে ঢাকা। ম্যাচটা তাই দলটির জন্য হারের বৃত্ত ভাঙার।

এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারে কুমিল্লা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে হারে কুমিল্লা।

চট্টগ্রামের মাটিতেও শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ফরচুন বরিশালের কাছে ১২ রানে ম্যাচ হারে কুমিল্লা। হ্যাটট্টিক হারের ফলে কোণঠাসা হয়ে পড়ে দলটি।

অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে এবারের আসরে প্রথম জয়ের দেখা পায় কুমিল্লা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় তারা। এরপর পঞ্চম ম্যাচেও দুর্দান্ত এক জয় তুলে নেয় ইমরুল-লিটনরা।

পরশু রাতে অপ্রতিরোধ্য মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সকে এবারের আসরে প্রথম হারের স্বাদ দেয় কুমিল্লা। ৫ উইকেটে জয় পায় তারা। অর্থাৎ নিজেদের প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর নিজেদের ষষ্ঠ খেলায় পরাজিতত হয় সিলেট।

৪২ বলে ৭০ রানের দর্শনীয় ইনিংস খেলে সিলেটের বিপক্ষে জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার লিটন দাসের। এবারের আসরে এটিই ছিল লিটনের প্রথম হাফ-সেঞ্চুরি।

কুমিল্লার হয়ে এবারে আসরে এখন পর্যন্ত ৫ ইনিংসে সর্বোচ্চ ১৬০ রান করেছেন লিটন। বোলিংয়ে সেরা পারফরমার স্পিনার তানভীর ইসলাম। ৩ ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি।

এ দিকে অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিলো ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছিলো ঢাকা।

কিন্তু এরপরই পথ হারায় ঢাকা। পরের তিন ম্যাচেই হারে তারা। সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬২ রানে ও ৫ উইকেটে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে পরাজিত হয় ঢাকা। ঢাকা ও চট্টগ্রামে মাটিতে সমান ২টি করে ম্যাচ হারে তারা।

যে কারণেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া ঢাকা। দ্বিতীয় জয়ের স্বাদ পেতে হলে ব্যাটিং বিভাগে জ্বলে উঠতে হবে নাসির-সৌম্য-মিথুনদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত