মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৭

মিয়ানমারের স্যাগাইং অঞ্চলের একটি গ্রামে জান্তার বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিবিসি বার্মিজের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার গভীর রাতে স্যাগাইংয়ের কাথা শহরের মোয়ে তার লে গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামরিক বিমান থেকে বোমা ফেলা হয়। এ বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে মিয়ানমারের জান্তার একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও জবাব পায়নি বার্তা সংস্থা রয়টার্স। প্রায় দুই বছর আগে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি নজিরবিহীন এক সংকটের মুখোমুখি হয়েছে। গণতন্ত্রের পথে এক দশকের অস্থায়ী যাত্রার অবসান ঘটিয়ে সামরিক জান্তার ক্ষমতা দখল বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরোধীরা গেরিলা বাহিনী গঠন করে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন।