ফেইসবুক পোস্ট লিখতে বসে, কীভাবে শুরু করলে মানুষ আমার ওপর আস্থা রাখবে এই ভাবনা মাথার ভেতর ঘুরঘুর করে এখন। অথচ প্রথম যখন ‘আদিম’ নির্মাণের কথা ভাবি, তখন কোনো চিন্তা ছাড়াই ফেইসবুকে এর শেয়ার বিক্রির কথা জানাই এবং কী আশ্চর্য! নামগোত্রহীন আমার ওপর মানুষ আস্থা রাখেন। পরিচিত-অপরিচিত কত মানুষ আদিম-এর শেয়ার কেনেন। তারপরের গল্প আপনারা অনেকেই জানেনপাঁচ বছর ধরে একটু একটু করে ‘আদিম’ নির্মাণ এবং মস্কো জয়ের কথা।
আদিম-এর মুক্তি, প্রচারণা ও স্পন্সরবিষয়ক আলাপ লিখে আদিমের পরিচালক যুবরাজ শামীম গতকাল ফেইসবুকে শেয়ার করেন। এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে জানালেন, আদিম-এর রিলিজ-সংক্রান্ত পূর্ব প্রস্তুতি শেষ। মুক্তির তারিখও চূড়ান্ত হয়েছে। সে ক্ষেত্রে বরাবরের মতো বড় ভূমিকা রাখবেন আমাদের গণমাধ্যমের ভাই ও বোনেরা, তাদের ওপর এ আমাদের আস্থা। আমার মনে হয়েছে আদিম-এর যাত্রা যেভাবে শুরু হয়েছে, সেভাবেই এর যাত্রা শেষ হওয়া উচিত। আদিম-এর স্পন্সর ঘোষণা ফেইসবুকেই হোক! এবং আমি বিশ্বাস করি এবারও মানুষ আমার ওপর আস্থা এবং ভালোবাসা রাখবেন। আদিম-এর টাইটেল স্পন্সরসহ অন্যান্য স্পন্সর থেকে আগ্রহীদের যোগাযোগ করার অনুরোধ রইল। সরাসরি ইনবক্স কিংবা মেইল করতে পারেন।