ফোন ব্যবহারে ভুলগুলো করছেন না তো?

প্রতিদিনই শুনতে পাওয়া যায়, চোখে পড়ে হ্যাকিং ও সাইবার অপরাধের মতো গুরুতর বিষয়গুলো। তবে সবচেয়ে সুখের কথা হলো, স্মার্টফোনের ডেটা সুরক্ষার সুবিধা কিন্তু অনেকটাই রয়েছে আপনার হাতে। কীভাবে আটকাবেন এই ঝুঁকি! ভুলগুলো থেকে সাবধান হন আগেভাগেই।

অ্যাপ নামানোর আগে সতর্ক হন : ওয়েব ব্রাউজারে বা যেখানে-সেখানে গিয়ে অ্যাপ নামানোর চেষ্টা করবেন না। কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ডাউনলোডের সময়ে Google Play Store ev App Store-এর মতো অথরাইজড জায়গা থেকেই তা নামান। অ্যাপের মতো দেখতে বিভিন্ন ভুয়া অ্যাপ্লিকেশন বা স্পাইওয়ার ঘুরে বেড়াচ্ছে ব্রাউজার বা বহু জায়গায়। সেসব একবার নামিয়ে ফেললেই কিন্তু সর্বনাশ। ওইসব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই চুরি যেতে পারে আপনার ব্যাংকিং পাসওয়ার্ডের মতো বহু গুরুত্বপূর্ণ তথ্য। তাই অ্যাপ নামানোর সময়ে সতর্ক থাকুন।

অপারেটিং সিস্টেমকে আপডেট করুন

অনেক সময় মোবাইলে আসা আপডেট আমরা অগ্রাহ্য করে যাই। আর সেটা করে থাকলে মারাত্মক ভুল করছেন আপনি। সব মোবাইল প্রস্তুতকারী ব্র্যান্ডই কিন্তু নিরাপত্তাজনিত বহু আপডেট পাঠাতে থাকে। যার মাধ্যমে এড়ানো যেতে পারে তথ্যচুরির মতো ঝুঁকি। অনেক বাগ ও ম্যালওয়্যারকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপডেটের মাধ্যমে। তাই এই আপডেট অগ্রাহ্য করছেন মানে নিরাপত্তার পথে কাঁটা ফেলে রাখছেন আপনি নিজেই। আপডেট এলেই শিগগির তা ইনস্টল করার চেষ্টা করুন।

আপডেট করুন অ্যাপও : অ্যাপ্লিকেশনের পুরনো ভার্সনের মধ্যে কিন্তু বাগ থেকে যাওয়া কোনো অবাক করা বিষয় নয়। মোবাইলে খুব পুরনো কোনো অ্যাপ থেকে থাকলে এবং বহু বছর তার কোনো আপডেট না এলে, সেই অপ্রয়োজনীয় অ্যাপটি আনইনস্টল করে দেওয়ার চেষ্টা করুন।

ফোন রুট করবেন না : অনেকেই ফোনে বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য রুট (root) করেন। সুরক্ষিতভাবে স্মার্টফোন ব্যবহার করতে চাইলে ফোন রুট করবেন না। ফোন রুট থাকলে হ্যাকারদের হাতে এমন অনেক ফাইল চলে যেতে পারে, যার ফলে নিমেষেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তাই রুটিন সম্পর্কে সঠিক তথ্য জানা না থাকলে ফোন রুট না করাই ভালো।