জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩’ অনুষ্ঠিত হয় শুক্রবার। ম্যারাথন দৌড়টি সকাল ৫টা ৩০ মিনিটে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হতে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা হয়ে কাঞ্চন ব্রিজের পূর্ব পর্যন্ত অতিক্রম করে এবং একই পথে ফেরত এসে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শেষ হয়। ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথন মিলিয়ে মোট ২১৬৩ জন দৌড়বিদের অংশগ্রহণে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় এ ম্যারাথন।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এলিট দৌড়বিদ বিভাগে প্রথম পুরস্কার ১৫ হাজার মার্কিন ডলার এবং সাফ ও বাংলাদেশি দৌড়বিদদের জন্য প্রথম পুরস্কার ৫ লাখ টাকা। হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদ বিভাগে প্রথম পুরস্কার ৩০০০ ডলার ও সাফ এবং বাংলাদেশি বিভাগে ২ লাখ টাকা।
দৌড় শেষে ম্যারাথনের প্রধান উপদেষ্টা সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার স্ট্যানলি কিপ্রোটিস বেট এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইথিওপিয়ার বাসাঙ্কি ইমোসি বিলো।
ফুল ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের বাঙ্গরিয়া বিক্রম বারাতসিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের পুষ্পা ভান্ডারি।
এ ছাড়া হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন মরক্কোর আব্দিল আজিজ বাঘাজি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন উগান্ডার রিস্পা চিরোপ।
হাফ ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ভারতের অভিষেক পাল এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ভারতের রেশমা দত্ত কিভেত।
ফুল ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন মো. আল আমিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এম এলাহি সরদার এবং মহিলা বিভাগে সুস্মিতা ঘোষ চ্যাম্পিয়ন হয়েছেন।