গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়ায় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট অব দ্য ইয়ার-২০২৩ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের মূল কার্যক্রম শুরু হয়। স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন করা হয়।
প্রথম ধাপে বিগত সালের বার্ষিক পরীক্ষার ফলাফল, উপস্থিতি নিয়মানুবর্তিতা, শৃংখলার বিষয় বিবেচনা ও দ্বিতীয় ধাপে ৮০ নম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ জুনিয়র লেভেলে (৬ষ্ঠ-৮ম) ১০ জন এবং সেকেন্ডারি লেভেলে (৯ম-১২শ) ১০ জন করে মোট ২০ জনের মধ্যে তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মৌখিক পরীক্ষায় জুনিয়র লেভেল থেকে ০১ জন এবং সেকেন্ডারি লেভেল থেকে ১ জন করে মোট ২ জনকে স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচন করা হয়। স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচনে বিচারক প্যানেলে ছিলেন ব্যাংক কর্মকর্তা আনোয়ারা পারভিন, ব্যাংক কর্মকর্তা এম এম মাহবুব হাসান, ব্যাংক কর্মকর্তা সেলিম মোল্লা, ব্যাংক কর্মকর্তা মেহেদি মাহমুদ মোল্লা, ব্যাংক কর্মকর্তা হাসিবুর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জের দর্শন বিভাগের প্রভাষক আমানত মোল্লা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান ও উপাধ্যক্ষ কৌশিক বিশ্বাস।
এদিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলীর পর্যবেক্ষণ ও মতামতের ভিত্তিতে সপ্তম শ্রেণির দোয়েল শাখার শিক্ষার্থী আয়েশা আক্তার শ্রেষ্ঠ তেলাওয়াতকারী নির্বাচিত হয়।
প্রসঙ্গত, নারীশিক্ষার টেকসই উন্নয়ন, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশুনা নিশ্চিতকরণের লক্ষ্যে চন্দ্রদিঘলিয়া, গোপালগঞ্জের কৃতি সন্তান হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) তার বাবা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল আলী মোল্লা ও শিক্ষানুরাগী মা মোসাম্মাৎ রাবেয়া বেগমের নামে ২০১৪ খ্রিস্টাব্দের ৬ জুন রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই পড়াশুনার পাশাপাশি প্রতিবছর প্রতিষ্ঠানটি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অনুপ্রেরণামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে আসছে। ভবিষ্যৎ নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়নে প্রতিষ্ঠানটি সুদূরপ্রসারী চেতনার আলোকশিখা নিয়ে এগিয়ে চলেছে। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের দিক থেকে জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব অর্জন করেছে। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যায়তনের শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী, শুভানুধ্যায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।