তারকার স্ট্যাটাস

‘অবলারা সব সবলা হোক’, ‘এবার ওপার বাংলায় ডাক পড়ল’ সম্প্রতি সুফি, ফোক ও রক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজা তার ফেইসবুক ওয়ালে এই কথাগুলো লেখেন। পরে তার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্য সরকারের সহায়তায় প্রগতিশীল নারীদের সম্মানে জলপাইগুড়িতে ১৬ থেকে ২২ জানুয়ারি সপ্তাহব্যাপী সবলা মেলা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। সেই উৎসবের শেষদিন ফিচারড আর্টিস্ট হিসেবে আমন্ত্রণ  পেয়েছেন সায়েরা। তিনি বলেন, ‘গানের কাজে দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও ভারতে এটিই হবে আমার প্রথম কনসার্ট। এর আগে ২০২০ এর এপ্রিলে নদীয়ায় বঙ্গ-সম্মেলনে গাইতে ডাক পেলেও করোনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়।’

পারিবারিক কারণে, এছাড়া বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থানের কারণে সায়েরা সমসাময়িক শিল্পীদের অনেকের চেয়ে কাজের সুযোগ কম পান। তবে ব্যতিক্রমী এ শিল্পী উপহার দিয়েছেন এ পর্যন্ত অনেক জনপ্রিয় গান। ‘ধার ধারি না পাড়া-পড়শীর’, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা তুই আস্তে চল’, ‘নিদাগীরে’, ‘কালার কথা’, ‘আসাম যাবো’, ‘মান ভাঙাবো বন্ধুরে আজ’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে সায়েরার ঝুলিতে। তার গাওয়া ‘আসাম যাবো’ গানটি দুই বাংলায়ই ব্যাপক জনপ্রিয়। ইউটিউবেই এটির ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। এ গানটি গেয়ে টিকটক করতে দেখা গ্যাছে টালিউডের হার্টথ্রব শ্রাবন্তিকেও। গত বছরই সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ সিনেমার টাইটেল গানের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও এ.জে.এফ.বি অ্যাওয়ার্ড পেয়েছেন। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও রয়েছে তার ঝুলিতে।